বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

0
বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। একই সঙ্গে ক্রীড়া প্রশাসনে সংস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্বকাপে চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে গ্রুপে তৃতীয় হয় ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তিন পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় দল হিসেবেও নকআউটে জায়গা হয়নি তাদের।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দলের ব্যর্থতার দায় স্বীকার করে প্রধান কোচ হং মিয়ুং-বো পদত্যাগ করেন।

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করে প্রেসিডেন্ট লি কোচ নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নের মুখে তোলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে অংশ নিতে করদাতাদের অর্থ ও রাষ্ট্রীয় তহবিল ব্যয় করা হয়। তাই আমি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে এই ব্যর্থতার পূর্ণাঙ্গ তদন্ত ও বিশ্লেষণের নির্দেশ দিয়েছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।’

তিনি আরও বলেন,’এ ধরনের ব্যর্থতা যাতে আর না ঘটে, সে জন্য ক্রীড়া প্রশাসনে দ্রুত প্রয়োজনীয় সংস্কার আনা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here