বিশ্বকাপের সেরা দাবিদার স্পেন, তবে ভাবাচ্ছে ইনজুরি

0
বিশ্বকাপের সেরা দাবিদার স্পেন, তবে ভাবাচ্ছে ইনজুরি

ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। তবে সাবেক খেলোয়াড়, সমর্থক ও বিশ্লেষকদের মতে, শিরোপা জিততে হলে লা রোজাকে সামলাতে হবে প্রত্যাশার চাপ, ইনজুরি ও কঠিন প্রতিদ্বন্দ্বিতা।

বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার ও স্পেনের সাবেক তারকা মিগেল অ্যাঞ্জেল নাদাল মনে করেন, স্পেনের দলটি যথেষ্ট শক্তিশালী হলেও ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির মতো দলগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “স্পেন অবশ্যই ফেবারিটদের মধ্যে একটি। তবে বিশ্বকাপ জিততে শুধু কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় যথেষ্ট নয়, পুরো দলকে একসঙ্গে খেলতে হবে।”

তিনি বিশেষভাবে তরুণ মিডফিল্ডার পেদ্রি ও গোলরক্ষক জোয়ান গার্সিয়ার প্রশংসা করেন। পাশাপাশি দলের বর্তমান অবস্থা ও তাদের মানসিক দৃঢ়তার ওপর গুরুত্ব দেন।

নাদাল বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাপ যেন খেলোয়াড়দের গ্রাস না করে। তাদের একে অপরের পাশে থাকতে হবে।”

১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে স্পেনের হয়ে খেলা এই সাবেক ডিফেন্ডার মনে করেন, উত্তর আমেরিকার গরম আবহাওয়া খেলোয়াড়দের জন্য বড় পরীক্ষা হতে পারে। অতিরিক্ত গরমে খেলা খুব কঠিন। খেলোয়াড়দের বিষয়টি সতর্কভাবে সামলাতে হবে। 

এদিকে, স্পেনের অনেক সমর্থক এখনই দলকে বিশ্বচ্যাম্পিয়ন বলতে নারাজ। কারণ, ২০১৪ বিশ্বকাপে শিরোপাধারী ও টানা দুইবার ইউরোজয়ী দল হয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে।

বার্সেলোনাভিত্তিক সমর্থক সংগঠন “বার্সেলোনা কন লা সেলেকসিওন”-এর সাধারণ সম্পাদক মানেল হার্নান্দেজ বলেন, ‘শুরু হওয়ার আগেই নিজেদের চ্যাম্পিয়ন ভাবা ঠিক হবে না।’

তিনি সতর্ক করে বলেন, ‘স্পেনের গ্রুপ তুলনামূলক সহজ মনে হলেও সৌদি আরব, উরুগুয়ে ও কেপ ভার্দে নিজেদের সেরাটা দেবে। একটি ড্র বা হারই পরিস্থিতি জটিল করে দিতে পারে।’

স্পোর্টস সাংবাদিক ফার্নান্দো কালাস মনে করেন, বর্তমান স্পেন দলটি বিশ্বের সেরা সংগঠিত দলগুলোর একটি। তিনি বলেন, ‘স্পেন এখন ক্লাব দলের মতো খেলে। বেশিরভাগ খেলোয়াড় কোচের সিস্টেমের সঙ্গে বহু বছর ধরে পরিচিত। দলটি একসঙ্গে দারুণভাবে কাজ করে। এই দলে নির্ভরতা শুধু একজন তারকার ওপর নয়। বরং একাধিক খেলোয়াড় গোল করার ক্ষমতা রাখে। ইউরো ২০২৪-এ প্রায় ১১ জন খেলোয়াড় মিলে ১৪ গোল করেছিলেন।

তবে তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল, মিডফিল্ডার রদ্রি ও উইঙ্গার নিকো উইলিয়ামসের ইনজুরি পরিস্থিতি কিছুটা উদ্বেগ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, স্পেনের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে ফ্রান্স, পর্তুগাল, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ব্রাজিল। তবে আর্জেন্টিনাকে তুলনামূলক বয়সী দল এবং ব্রাজিলকে ইনজুরি সমস্যায় ভুগছে বলে মনে করছেন অনেকে। 

ব্রিটিশ সাংবাদিক গ্রাহাম হান্টার বলেন, ‘ফর্ম ও পূর্ণ ফিটনেস বিবেচনায় স্পেন বর্তমানে বিশ্বের সেরা দল। কিন্তু বিশ্বকাপ শুধু সেরা দল হলেই জেতা যায় না। ভাগ্য, আবহাওয়া, ইনজুরি ও ড্রেসিংরুমের পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here