গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে. এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা তিন এমপি কথা বলেছি। তিনি (প্রধানমন্ত্রী) স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে বলে দিয়েছেন গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ করার জন্য বিশেষ বরাদ্দ দেয়ার জন্য। সাড়ে তিন’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে গোপালগঞ্জে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহণ করবো।
বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খালের উপর ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

