বার্সেলোনায় নিখুঁতভাবে মানিয়ে যাবে আলভারেস: আগুয়েরো

0
বার্সেলোনায় নিখুঁতভাবে মানিয়ে যাবে আলভারেস: আগুয়েরো

বার্সেলোনার ভবিষ্যৎ আক্রমণভাগে হুলিয়ান আলভারেস হতে পারেন আদর্শ সমাধান, এমনটাই মনে করেন আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। তার মতে, আধুনিক ফুটবলের চাহিদা পূরণে আলভারেসের মতো পরিপূর্ণ ফরোয়ার্ড খুব কমই আছে এবং তিনি বার্সেলোনার সঙ্গে দারুণভাবে মানিয়ে নিতে পারবেন।

বর্তমানে বার্সেলোনার প্রধান স্ট্রাইকার হিসেবে আছেন রবের্ত লেভানদোভস্কি। তবে বয়সের কারণে তিনি ক্যারিয়ারের শেষভাগে পৌঁছে গেছেন এবং কাতালান ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে আগামী মৌসুমগুলোতে একজন দীর্ঘমেয়াদি গোলস্কোরারের প্রয়োজন হতে পারে স্প্যানিশ জায়ান্টদের।

এমন পরিস্থিতিতে বার্সেলোনার জন্য আলভারেসকে উপযুক্ত মনে করছেন আগুয়েরো। বাজিকর প্রতিষ্ঠান স্ট্যাককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হুলিয়ান এখন যেকোনো দলের জন্যই দারুণ একটি চুক্তি হবে।’

আগুয়েরো আরও বলেন, কোনো সম্ভাব্য দলবদলে খেলোয়াড়ের ইচ্ছা এবং ক্লাবের পরিকল্পনা, দুই দিকই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘দেখতে হবে খেলোয়াড় নিজে বার্সেলোনায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করে কি না। একটি দিক খেলোয়াড়ের, অন্যটি ক্লাবের। সবকিছু ঠিকভাবে হলে একদিন সে চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারে।’

বর্তমানে আলভারেস খেলছেন আতলেতিকো মাদ্রিদের হয়ে। তাকে নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে বার্সেলোনার আগ্রহের খবর একাধিকবার এলেও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

বার্সেলোনার হয়ে অল্প সময় খেলেছিলেন আগুয়েরো নিজেও। হৃদরোগজনিত সমস্যার কারণে সময়ের আগেই অবসরে যেতে বাধ্য হন তিনি। তাই ক্লাবটির চাপ, প্রত্যাশা ও পরিবেশ সম্পর্কে ভালোভাবেই জানেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা।

আলভারেসের প্রশংসা করে আগুয়েরো বলেন, ‘বার্সেলোনায় খেলা সহজ নয়, সেখানে চাপ অনেক। কিন্তু যদি ক্লাব তাকে চায় এবং সে ভালো করে, তাহলে সে নিখুঁতভাবে মানিয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘সে ফুটবলকে ভালোবাসে। বেশিরভাগ স্ট্রাইকারের যে গুণ থাকে না, তার আছে রক্ষণে অবদান রাখার মানসিকতা। হুলিয়ান সত্যিই খুব পরিপূর্ণ একজন খেলোয়াড়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here