বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত এবং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে আড়পাড়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে নিয়তির মাঠ এলাকায় তাদের ওপর অতর্কিত এই হামলা চালানো হয়।
সমাবেশে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা যুব দলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আসাফউদ্দৌলা জুয়েল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
নিহত মো. বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি নুর মোহাম্মদ মোড়লের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটর সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জসিমউদ্দিন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বাড় ফেরার পথে সন্ত্রাসীরা ফকিরহাটের নিয়তির মাঠ এলাকায় বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়েল ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

