বসতভিটার সবজিবাগান থেকে গাঁজার গাছ উদ্ধার, পুলিশের মামলা

0
বসতভিটার সবজিবাগান থেকে গাঁজার গাছ উদ্ধার, পুলিশের মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতভিটার পেছনের সবজির বাগান থেকে ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে বাগানমালিক আয়নাল হকের (৫৭) নামে মামলা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্বদানকারী ও মামলার বাদী বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

অভিযুক্ত বাগানমালিক আয়নাল হক ওই এলাকার মুত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আয়নাল হক নিজের বাড়ির পেছনের সবজিবাগানে গাঁজা চাষ করে আসছিলেন। বিষয়টি গোপন রাখতে তিনি বাগানের চারপাশ নেট দিয়ে ঘিরে রাখতেন এবং সবজিগাছের সঙ্গে সামঞ্জস্য রাখতে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করে। তবে অভিযানের সময় আয়নাল হক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পরে সন্ধ্যায় বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে বাগানমালিক আয়নাল হককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরে রাতেই মামলা করা হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আয়নাল হক সবজির আড়ালে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আয়নাল হককে আসামি করে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here