বগুড়ার বিশিষ্ট কবি, সম্পাদক ও সাহিত্য সংগঠক জয়ন্ত কুমার দেব আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা জয়ন্ত কুমার দেব সাহিত্যাঙ্গনে ‘চন্দন’ নামেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে বগুড়ার সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরির পাশাপাশি সাহিত্যচর্চায় সক্রিয় ছিলেন তিনি।
জয়ন্ত কুমার দেবের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘করতোয়ার জল ছুঁয়ে বেড়ে উঠে বেহুলার ছেলে’ পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়। তিনি নিয়মিতভাবে সাহিত্যপত্র দ্যুতি সম্পাদনা করতেন। এছাড়া পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বগুড়া শব্দকথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা এবং বগুড়া লেখক চক্র-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা ও পুরস্কার অর্জন করেন। তিনি বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
জয়ন্ত কুমার দেব বগুড়া শহরের চেলোপাড়ার প্রয়াত নগেন্দ্রনাথ দেবের ছেলে। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ছায়া দেব, কন্যা পংক্তি দেব ও ছেলে কাব্য দেব রেখে গেছেন।
তার মৃত্যুতে বগুড়া শব্দকথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, সংশপ্তক থিয়েটার এবং প্রকাশ শৈলীসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

