বগুড়ায় ১৩তম উপজেলা হচ্ছে মোকামতলা

0
বগুড়ায় ১৩তম উপজেলা হচ্ছে মোকামতলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি প্রাক-নিকার সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই মোকামতলাকে উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। 

এরআগে ১৯৮১ সালের পর এরশাদ সরকারের আমল থেকে এই দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রচেষ্টায় বাস্তাবয়নের পথে বগুড়ার আরেটি উপজেলা মোকামতলা। এই খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বাংলাদেশ প্রতিদিনকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ বগুড়া সিটি কর্পোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এ লক্ষ্যে গত ১২ এপ্রিল প্রাক-নিকার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। যা চূড়ান্ত প্রক্রিয়ার বড় অগ্রগতি। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন-মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হতে পারে প্রায় দেড় লাখ। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পার্শ্ববর্তী উপজেলা থেকে ইউনিয়ন যুক্ত করে এর পরিধি বাড়ানো যেতে পারে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সচিব আতিকুর রহমান আতিক জানান, মোকামতলাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। ১৯৮১ সাল থেকে এ দাবি জানিয়ে আসা হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের উদ্যোগে সেই দাবি বাস্তবায়নের পথে। আমাদের সেই দাবিকে মুল্যায়ন করা হয়েছে। এই খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, তবে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় নতুন উপজেলাটি কার্যক্রম শুরু করতে পারবে না। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ হলে মোকামতলা আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here