ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

0
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে জিহাদ নামের ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেলে পিলকুনি এলাকার ‘হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটে ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে। দুই ভাই-বোনের মধ্যে জিহাদ ছিল বড়।

মসজিদের কেয়ারটেকার বনি আমিন জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে শিশুটি লিফট খোলা পেয়ে একাই ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি ছাদে চলে যায়। ওই সময় আমি নামাজের জন্য অজু করতে গিয়েছিলাম। মসজিদের নিচতলায় নামাজ হয় আর দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা। ওপরের তলাগুলোতে হলরুম রয়েছে।

সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা জাহিদ মিয়া বলেন, বাড়ির কাছেই মসজিদ হওয়ায় জিহাদ প্রায়ই সেখানে গিয়ে খেলাধুলা করত। আজ খেলতে গিয়েই এই সর্বনাশ হয়ে গেল।

ফতুল্লা থানার মডেল উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে শিশুটি একাই মসজিদের ছাদে উঠেছিল এবং সেখান থেকে নিচে পড়ে মারা গেছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here