হলিউডে নতুন সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। এবার তিনি জুটি বেঁধেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত তারকা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে।
থ্রিলারধর্মী ‘রিসেট’ নামের সিনেমাটি পরিচালনা করবেন ম্যাট স্মাকলার, যিনি ২০২২ সালে নির্মাণ করেছিলেন ‘ওয়াইল্ডফ্লাওয়ার’। ফিল্মফেয়ার জানিয়েছে, জর্ডান রলিন্সের লেখা গল্পে নির্মিত হবে ‘রিসেট’। আগামী অগাস্টেই শুরু হবে এর দৃশ্যধারণের কাজ।
এই জুটি নিয়ে নির্মাতা স্মাকলারের ভাষ্য, আকর্ষণ আর অভিশ্বাস- এই দুইয়ের মেলবন্ধন ঘটবে, এমন একটি জুটি খুঁজছিলাম। এই দুটি বিষয়ে আপনার মধ্যে বিশ্বাস তৈরি করার মতো সক্ষমতা প্রিয়াঙ্কা এবং অরল্যান্ডোর আছে।
সিনেমাটির প্রয়োজনার সাথেও থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, অরল্যান্ডো ব্লুম। জন হোয়েবার এবং এরিখ হোয়েবারের ফ্র্যাটরিসাইডাল ফিল্মস, মাইকেল ল্যাজারোভিচের কেমিক্যালি অল্টার্ড, ম্যাথিউ রোডসের রোডস এন্টারটেইনমেন্ট, প্রিয়াঙ্কা চোপড়ার পার্পল পিবল পিকচার্স এবং অরল্যান্ডো ব্লুমের অ্যামেইজিং আউল সিনেমাটি প্রযোজনা করছে।
‘রিসেট’ নিয়ে জন এবং এরিখ হোয়েবার এক বিবৃতিতে বলেছেন, “টিকে থাকার লড়াই, প্রেম, সাসপেন্স এবং প্রতারণার এক রোমাঞ্চকর গল্প তৈরি করেছেন জর্ডান রলিন্স ও ম্যাট স্মাকলা। গল্পে চমকপ্রদ সব বাঁক আছে। তাছাড়া প্রিয়াঙ্কা আর অরল্যান্ডোকে একসাথে পর্দায় আনতে পেরে আমরাও রোমাঞ্চিত।”
সিনেমার গল্প অতীত স্মৃতি হারানো এক নারীকে (প্রিয়াঙ্কা) নিয়ে, যিনি নিজেকে এক সময়ে নির্জন এক পরিবেশে নিজেকে আবিষ্কার করেন। সেখানে তাকে বাধ্য হয়েই নির্ভর করতে রহস্যময় এক পুরুষের (অরল্যান্ডো) ওপর। প্রিয়াঙ্কা নিজেই নতুন সিনেমার খবর দিয়েছেন সোশাল মিডিয়ায়। তার খবরে শুভেচ্ছায় ভাসছেন তিনি। দিয়া মির্জা, আলিয়া ভাটের মতো শুভাকাঙ্ক্ষীরাও অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার পোস্টে।
প্রিয়াঙ্কাকে সবশেষ দেখা গেছে ‘দ্য ব্লাফ’ সিনেমায়, কার্ল আরবানের সঙ্গে। সামনে এই অভিনেত্রীকে দেখা যাবে এসএস রাজামৌলির মহাকাব্যিক সিনেমা ‘বারাণসী’তে। আগামী বছরের ৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

