পোল্যান্ডে তুষারপাতে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

0
পোল্যান্ডে তুষারপাতে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

পোল্যান্ডে প্রচণ্ড তুষারপাতে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী সড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিবিসি লিখেছে, গত মঙ্গলবার রাতভর এই যানজটে হাড়কাঁপানো শীতের মধ্যে শত শত মানুষ নিজ গাড়িতে আটকা পড়েন। বুধবার (৩১ জানুয়ারি) পুলিশ এ খবর জানিয়েছে।

পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ওলসটিনের পুলিশ মুখপাত্র টমাস মার্কোস্কি জানান, মঙ্গলবার বিকাল ৪টার পর থেকেই এস-৭ রুটে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। রাস্তার ঢালু অংশে ভারি ট্রাক চলতে গিয়ে সমস্যায় পড়লে দীর্ঘ যানজটের সূত্রপাত হয়, যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ২০ কিলোমিটারে দাঁড়ায়। তবে বুধবার ভোরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং ফের যান চলাচল শুরু হয়।

দেশটির অবকাঠামো বিষয়ক উপমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মহাসড়কে এই চরম প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলেও এতে কেউ হতাহত হননি। যানজট নিরসনে পুলিশ সদস্যরাও কাজ করেছেন। পুলিশ মুখপাত্র আন্না কারচেউস্কা জানান, আটকে পড়া চালকদের সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে। কফি ও গরম চা-ও পুলিশের মাধ্যমে চালকদের মাঝে বিতরণ করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, তুষারপাতের প্রভাবে রেল ও বিমান চলাচলেও কিছু বিঘ্ন ঘটেছে। তবে বর্তমানে সব পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

তথ্য সূত্র – রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here