সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)-এ লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৭ ও ১৯৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৪৪ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টি কোম্পানির, কমেছে ২১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪টির, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
সোমবার সিএসইতে ৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৫৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।

