কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। জনগণের প্রত্যাশা পূরণে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
সোমবার উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর ব্রিজ এলাকা থেকে হামিরাবাগ ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত খৈয়াখালী ১২ কিলোমিটার দীর্ঘ খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল কালাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণের আস্থা নষ্ট করে। বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর-হামিরাবাগ ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত খৈয়াখালী খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে; উন্নত হবে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বাড়বে কৃষি উৎপাদন।
সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল পুনঃখনন করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমেদ উল্ল্যাহ সবুজ, লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর গ্রামের বিরামপুর ব্রিজ এলাকা থেকে হামিরাবাগ পর্যন্ত খৈয়াখালী নামক খালটি প্রায় ১২ কিলোমিটার খনন করা হবে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ১ হাজার ৭১ জন শ্রমিক খনন কাজে নিয়োজিত থাকবেন।

