ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। রাওয়ালপিন্ডি ও লাহোরে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সিরিজের আগে ইতোমধ্যে বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। ওপেনার সাইম আইয়ুব এবং ফখর জামান চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, সিরিজের জন্য দল চূড়ান্ত করার সময় নির্বাচক কমিটি প্রধান কোচ মাইক হেসন এবং অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির সঙ্গে পরামর্শ করছেন। যেখানে সাবেক অধিনায়কের অন্তর্ভুক্তি ক্রমশ অসম্ভব বলে মনে হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটের সিদ্ধান্তের পর ওয়ানডে দলে রিজওয়ানের অন্তর্ভুক্তির পক্ষে হেসন নন, যা পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের দিকে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনাতেও তাকে বিবেচনা করা হচ্ছে না।
৩৩ বছর বয়সী এই খেলোয়াড় পাকিস্তানের হয়ে ১০৩টি ওডিআই খেলেছেন, যেখানে তিনি ৪০.০৮ গড়ে ২,৯৭৯ রান করেছেন, যার মধ্যে চারটি শতক ও ১৯টি অর্ধশতক রয়েছে।
উইকেটরক্ষক হিসেবে তিনি ১১৩টি ক্যাচ ধরেছেন এবং সাতটি স্টাম্পিং করেছেন। চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে তিনি ৫৮ রান করেছিলেন।
এদিকে অনভিজ্ঞ ব্যাটসম্যান গাজী ঘোরি যিনি ১৫ই মার্চ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ওডিআই অভিষেক করেন। তাকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের দলে রাখার কথা বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় উইকেটরক্ষক পদের জন্য নির্বাচকরা উসমান খান এবং মির্জা সাদ বেইগের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সিরিজকে সামনে রেখে আগামী ২৩ মে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে অস্ট্রেলিয়ার। অন্যদিকে পাকিস্তানের দল ২২ মে থেকে রাওয়ালপিন্ডিতে অনুশীলন শুরু করবে এবং সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। সিরিজের প্রথম ওয়ানডে ৩০ মে, দ্বিতীয় ২ জুলাই ও ৪ঠা জুন শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ওয়েস্ট সিরিজের আগে টেস্ট অধিনায়ক শান মাসুদকে সরিয়ে দিকে চাইছে পিসিবি। পাকিস্তান ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে।
প্রতিদিন/আরকে

