আসন্ন পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হেইজেলউডের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। আইপিএল ও আন্তর্জাতিক সূচির সংঘর্ষের কারণে তাদের এই সফরে না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ মে রাওয়ালপিন্ডিতে। এরপর ২ ও ৪ জুন লাহোরে হবে বাকি দুই ম্যাচ।
তবে এই সময়েই চলবে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল। ২৬ মে শুরু হয়ে ৩১ মে ফাইনাল অনুষ্ঠিত হবে, ফলে অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের পাকিস্তান সফরে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।
সূত্র অনুযায়ী, প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ), মিচেল স্টার্ক (দিল্লি ক্যাপিটালস) এবং জশ হেইজেলউড (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-এর মতো শীর্ষ তারকারা তাদের আইপিএল দলের প্লে-অফে থাকায় পাকিস্তান সফর থেকে ছিটকে যেতে পারেন।
অস্ট্রেলিয়া দল ২৩ মে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। ফলে আইপিএল প্লে-অফে খেলা খেলোয়াড়দের জন্য সময়মতো জাতীয় দলে যোগ দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
এছাড়া ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে অস্ট্রেলিয়া আগামী বছর প্রায় ২০টির বেশি টেস্ট খেলবে, যার কারণে শীর্ষ খেলোয়াড়দের অতিরিক্ত চাপ এড়াতে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।
বিশেষজ্ঞদের মতে, শুধু পাকিস্তান সফর নয়, আগামী বাংলাদেশ সফরেও একই কারণে কামিন্স-স্টার্ক-হেইজেলউডকে বিশ্রামে রাখা হতে পারে।

