‘পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারতের ভূগোল বদলে যাবে’

0
‘পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারতের ভূগোল বদলে যাবে’

ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়ার চেষ্টা করলে ভারত ‘ইতিহাসে বিলীন’ হয়ে যাবে এবং এর ভূগোল ‘বদলে যাবে’।

সোমবার জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আসিফ বলেন, ‘জাতি হিসেবে ভারত মনে করে যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।’

প্রতিরক্ষামন্ত্রী আসিফ গত বছর ভারতের সঙ্গে হওয়া সংঘাতের কথা উল্লেখ করেন, যা ২২ এপ্রিলের পহেলগাম হামলা এবং তার পরবর্তী সামরিক সংঘাত দিয়ে শুরু হয়ে ১০ মে-র যুদ্ধবিরতি পর্যন্ত চলেছিল।
 
গত বছর ভারতের সঙ্গে সৃষ্ট অচলাবস্থার কথা স্মরণ করে আসিফ বলেন যে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে এক ‘বিধ্বংসী’ জবাব দিয়েছিল।
 
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন খাজা আসিফ, যেখানে উপেন্দ্র বলেছিলেন যে, পাকিস্তানকে ‘সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হতে চায়, নাকি ইতিহাসের অংশ হতে চায় নাকি চায় না।
 
আসিফ বলেন, ‘এই ধরনের মন্তব্য করে ভারতীয় সেনাপ্রধান তার হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।’

ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মহাসচিবের মন্তব্যের বিষয়েও আসিফ মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক কণ্ঠস্বরও রয়েছে এবং যোগ করেন যে ভারতীয় সেনাবাহিনী ও সুশীল সমাজের অবস্থান ভিন্ন।
 
‘ভারত এখন বৈদেশিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে, পাকিস্তান এই ক্ষেত্রে সম্মানজনক অবস্থান বজায় রেখেছে’ বলেন আসিফ। পাকিস্তানের বিরুদ্ধে, ভারত ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য আঁতাত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত ও ইসরায়েলের উদ্দেশ্যের মধ্যে সাদৃশ্য থাকতে পারে।
 
‘ইসরায়েল তার অংশীদার ভারত ছাড়া এই অঞ্চলে অন্য কাউকে শক্তিশালী হতে দিতে চায় না।’ বলেন প্রতিরক্ষামন্ত্রী।
 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে হামলা চালাবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা, যুদ্ধ আর হবে না।’

তবে, তিনি বলেন যে, ইসরায়েল মরিয়া হয়ে চায় যেন ইরান অথবা সম্ভবত অন্য দুই-তিনটি দেশের বিরুদ্ধে হামলা চালানো হয়।
 
‘ইরান যুদ্ধ নিয়ে আমেরিকান জনগণের মতামত খুবই স্পষ্ট। তাদের জনগণ চায় না যে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে লিপ্ত হোক।’ তিনি বলেন এবং যোগ করেন যে জনসমর্থন ছাড়া যুদ্ধ করা যায় না।
 
বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির পাকিস্তানের প্রতি আস্থা দেখানো একটি সাফল্য এবং ইরানও পাকিস্তানকে বিশ্বাস করে।
 
এসব ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী জানান, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, চীন এবং রাশিয়াসহ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশগুলো ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ হোক তা চায় না। সূত্র : ডন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here