পরিস্থিতি সামলাতে না পেরে হরমুজ খুলতে আন্তর্জাতিক জোট গঠনের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র?

0
পরিস্থিতি সামলাতে না পেরে হরমুজ খুলতে আন্তর্জাতিক জোট গঠনের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র?

ইরানের সাথে চলমান চরম উত্তেজনা ও অচলাবস্থার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু করতে একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের জোরালো আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত তাদের দূতাবাসগুলোতে একটি অভ্যন্তরীণ তারবার্তা পাঠিয়েছে। সেখানে বিদেশি সরকারগুলোকে ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামক একটি নতুন জোটে যোগ দেওয়ার জন্য চাপ দিতে কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই জোটের মূল লক্ষ্য হবে গোয়েন্দা তথ্য বিনিময়, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং নিষেধাজ্ঞা কার্যকরের মাধ্যমে এই সংকীর্ণ জলপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই তারবার্তায় উল্লেখ করা হয়েছে যে, মিত্রদের অংশগ্রহণ নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার এবং বিশ্ব অর্থনীতিকে সুরক্ষায় সম্মিলিত শক্তি জোগাবে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রস্তাবের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এটি প্রেসিডেন্টের হাতে থাকা বহুমুখী কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপের একটি অংশ। 

কয়েক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিটি ‘পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত’ বলে ঘোষণা দিলেও বাস্তবে এখনো সেখানে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে। মূলত তেহরানের অনুমতি ছাড়া যাতায়াতকারী ট্যাঙ্কারে ইরান মাইন হামলা চালাচ্ছে এবং অন্যদিকে ইরান অভিমুখী বা সেখান থেকে আসা সকল জাহাজের ওপর যুক্তরাষ্ট্র কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। 

সোমবার নিজের উপদেষ্টাদের সাথে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই অবরোধ দীর্ঘস্থায়ী হতে পারে, যা বর্তমানে শান্তি আলোচনার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: টিআরটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here