আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে নেত্রকোনায় চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ছোট বাজার শহীদ মিনারের সামনে আর্ট গ্যালারিতে এই চিত্র প্রদর্শনী করা হয়।
পরিবেশবাদী সংগঠন বারসিকের সহযোগিতায় গ্রীন কোয়ালিশনের আয়োজনে বিলুপ্ত এবং প্রায় হারিয়ে যাওয়া বিভিন্ন প্রাণবৈচিত্র্যসহ নানা ধরনের ছবি প্রদর্শিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব ছবি এঁকে প্রদর্শনীতে অংশ নেয়। পরে সকল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে করে প্রাণবৈচিত্র্য সম্পর্কে তাদের এক ধরনের সচেতনতাবোধ তৈরি হয়। পাশাপাশি বিলুপ্ত প্রাণিদের সম্পর্কে ধারণা হয়।
প্রদর্শনে বন্য প্রাণীর খাদ্যের উৎস, পরিবেশের ভারসাম্য রক্ষা, আবাস হারা গন্ধগোকুল, জলাভূমি বাঁচাই, মেছো বিড়াল বাঁচাই, বৈচিত্র্যতাই সুন্দর, অক্সিজেন সঙ্কটে শিশুর জীবন এ সকল নানা ধরনের ছবি আঁকা হয়।
চিত্র প্রদর্শনে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন পরিদর্শন শেষে শিক্ষার্থী চিত্র শিল্পীদের হাতে পুরস্কার ও একটি করে ফলদ, বনজ, ঔষধি গাছ তুলে দেন। এ সময় শিক্ষা-সংস্কৃতি, পরিবেশ-ঐতিহ্য, বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল কবীর সরকার, সম্পাদক ও গ্রীন কোয়ালিশনের সহ-সভাপতি আলপনা বেগম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমানসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

