কিশোরগঞ্জের নিকলীতে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মতিউর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি বড়বান হাওরে এ ঘটনা ঘটে। মৃত মতিউর রহমান ডুবি গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।
সিংপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন জানান, সকাল থেকেই মতিউর রহমান বড়বান হাওরে খলায় ধান শুকানোর কাজ করছিলেন। দুপুরেও অনেকের সঙ্গে তার কথা হয়েছে। বিকেলে খলায় কাজ করার সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি এতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে খলায় পড়ে থাকতে দেখে মৃত বলে নিশ্চিত হন।
তিনি আরও জানান, মতিউর রহমানের মরদেহ বর্তমানে তার বাড়িতে রাখা হয়েছে। পরিবারের কয়েকজন সদস্য ঢাকা থেকে ফেরার পর সোমবার জানাজা শেষে তাকে দাফন করা হবে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

