নারায়ণগঞ্জ জেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৩ লাখ ৩৫ হাজার ১৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান।
‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ব্যতীত) এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৫৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান জানান, ভিটামিন ‘এ’-এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে দেশব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৬৯২ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৩ হাজার ৫০৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।
ডা. মশিউর রহমান বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ছয় মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ। এর উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। তাই অভিভাবকদের উচিত নির্ধারিত দিনে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো।”
এ সময় তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

