যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে ৪৮ দলের এই মেগা আসরকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে। আগামী ১১ জুন মাঠের লড়াই শুরু হওয়ার আগে দলগুলোর কোচেরা চূড়ান্ত ছক কষতে ব্যস্ত। তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলগুলোর স্কোয়াডে তারকার ছড়াছড়ি থাকায় শুরুর একাদশ নির্বাচন নিয়ে বড় ধরনের মধুর সমস্যায় পড়েছেন দলগুলোর ম্যানেজাররা। ভক্ত-সমর্থকদের পাশাপাশি সংবাদমাধ্যমেও এখন চলছে নানা সমীকরণ ও বিতর্ক।
সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে ইংল্যান্ড শিবিরে। ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগে কোচ থমাস টুখেলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জুড বেলিংহাম ও মরগান রজার্সের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা। রিয়াল মাদ্রিদে কাটানো একটি সাদামাটা মৌসুম এবং কোচের সাথে দূরত্বের গুঞ্জনে ইংল্যান্ডের অন্যতম সেরা মুখ বেলিংহামের জায়গা হতে পারে সাইড বেঞ্চে।
অন্যদিকে, অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জয়ী এবং মৌসুমে ১৪ গোল ও ১১ অ্যাসিস্ট করা দুর্দান্ত ফর্মে থাকা মরগান রজার্সকে শুরু থেকেই ডেক্লান রাইসের পাশে খেলানোর কথা ভাবছেন টুখেল। যদিও সবশেষ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বেলিংহামের ৪৫ মিনিটের পারফরম্যান্স বেশ নজর কেড়েছে, তবে কোস্টারিকার বিপক্ষে পরবর্তী ম্যাচটিই হয়তো টুখেলের আসল ভাবনার ইঙ্গিত দেবে।
এদিকে স্পেনের গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন, তা নিয়ে দলটির ভেতরে তেমন বিতর্ক না থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগের দর্শকরা অবাক হতে পারেন। আর্সেনালের হয়ে টানা তিনবার গোল্ডেন গ্লাভস জেতা এবং ইউরোপের অন্যতম সেরা গোলরক্ষক ডেভিড রায়াকে হয়তো সাইড বেঞ্চেই বসতে হচ্ছে। কোচ লুইস দে লা ফুয়েন্তে আস্থা রাখছেন উনাই সিমনের অভিজ্ঞতার ওপর, যিনি ইউরো ২০২০ থেকে স্পেনের এক নম্বর পছন্দের গোলরক্ষক। বার্সেলোনা তারকা হুয়ান গার্সিয়ার একটি নড়বড়ে পারফরম্যান্স সিমনের অবস্থানকে আরও পোক্ত করেছে।
সবচেয়ে রোমাঞ্চকর আলোচনা চলছে ব্রাজিলের ‘নাম্বার নাইন’ বা মূল স্ট্রাইকার পজিশন নিয়ে। মরক্কোর বিপক্ষে নামার আগে কার্লো আনচেলত্তির হাতে তিনটি বিকল্প রয়েছে। নয় নম্বর জার্সি পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের মাথেউস কুনহা ফেভারিট হলেও জাতীয় দলের হয়ে তার গোল খরা ভাবনার বিষয়। অন্যদিকে, ব্রেন্টফোর্ডের হয়ে প্রিমিয়ার লিগে ২২ গোল করা ইগর থিয়াগো আছেন দুর্দান্ত ফর্মে, যিনি ব্রাজিলের হয়ে ৪ ম্যাচে ২ গোল করেছেন। তবে সবাইকে চমকে দিয়ে আলোচনায় ফিরে এসেছেন ১৯ বছর বয়সী বিস্ময় বালক এন্ড্রিক। রিয়াল মাদ্রিদে সুযোগ না পেয়ে অলিম্পিক লিওঁতে লোনে গিয়ে ফর্ম ফিরে পাওয়া এই তরুণ সবশেষ মিশর ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত অবদান রেখে আনচেলত্তির পরিকল্পনা ওলটপালট করে দিয়েছেন।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি পড়েছেন ভিন্ন এক সমীকরণে। আনহেল দি মারিয়ার অবসরের পর লিওনেল মেসির পাশে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেসকে একসাথে খেলানোর পথ খুঁজছেন তিনি। কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে থাকা মার্তিনেসকে মাঝে রেখে আলভারেজকে লেফট উইঙ্গে খেলানোর একটি কৌশল আগে পরীক্ষা করা হলেও, তা রক্ষণভাগকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্স শিবিরে রয়ান চেরকির আত্মবিশ্বাসী মন্তব্য দলটিতে কিছুটা বিতর্ক তৈরি করেছে। ম্যানচেস্টার সিটির এই প্লেমেকার প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেও কোচ দিদিয়ে দেশম হয়তো তাকে বদলি খেলোয়াড় হিসেবেই ব্যবহার করবেন। কিলিয়ান এমবাপ্পে, ওসমানে দেম্বেলে, মাইকেল অলিসে এবং দেসিরে দুয়ের আক্রমণাত্মক চতুষ্টয়কে জায়গা দিতে গিয়ে চেরকিকে বেঞ্চেই থাকতে হতে পারে।
অন্যদিকে, জার্মানির দীর্ঘদিনের স্ট্রাইকার সংকটের সমাধানে হুলিয়ান নাগেলসম্যানের প্রথম পছন্দ আর্সেনালের কাই হাভার্টজ হলেও, স্টুটগার্টের হয়ে ২৫ গোল করা দেনিজ উন্দাভও শুরুর একাদশের জন্য তীব্র দাবি জানিয়ে রাখছেন। নিউক্যাসলের নিক ভোল্টেমাদেও আছেন এই লড়াইয়ে। ১৯ জুলাই নিউ জার্সির ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত কোন কোচের কৌশল সফল হয়, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবল বিশ্ব।

