নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর চতুর্থ সিজনের আলোচিত দম্পতি চেলসি গ্রিফিন এবং কোয়ামে অ্যাপিয়া তাদের বিচ্ছেদের খবরকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। গত বুধবার একটি ইনস্টাগ্রাম ছবির মাধ্যমে তারা ভক্তদের নিশ্চিত করেছেন যে, তাদের বৈবাহিক সম্পর্ক এখনো অটুট রয়েছে।
সম্প্রতি চেলসির হাতে বিয়ের আংটি না থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর পদবি ব্যবহার না করার বিষয়টি নজর কেড়েছিল ভক্তদের, যা থেকে তাদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়।
চেলসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বাড়ির নতুন সংস্কার করা বারান্দায় কোয়ামের সঙ্গে একটি সেলফি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি জানান, একসময় যেখানে কাঠ আর ধুলোর স্তূপ ছিল, সেখানে এখন তারা চমৎকার সময় কাটাচ্ছেন। কোয়ামেও তার নিজের প্রোফাইল থেকে ছবিটি পুনরায় শেয়ার করে তাদের একতাবদ্ধ থাকার প্রমাণ দেন। ২০২২ সালের ৬ মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই জুটি।
২০২৪ সালে বিয়ের দুই বছর পূর্তি উপলক্ষে পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়ামে বিষয়টিকে একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেছিলেন। তিনি জানান, তাদের এই যাত্রায় তারা অত্যন্ত সুখী এবং নতুন উদ্যমে জীবনকে উপভোগ করছেন। চেলসি যোগ করেন, যদিও তাদের বিয়ের বয়স মাত্র দুই বছর, কিন্তু ‘পডস’-এ কাটানো নিবিড় সময়ের কারণে মনে হয় তারা একে অপরকে অনেক দীর্ঘ সময় ধরে চেনেন। দুই বছরে তাদের সম্পর্কের পরিপক্কতা নিয়ে তারা দুজনেই গর্বিত।
২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়ামে দাম্পত্যজীবনের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান, শো প্রচার হওয়ার আগপর্যন্ত বিয়ের বিষয়টি গোপন রাখা তাদের জন্য বেশ কঠিন ছিল। মাত্র কয়েক সপ্তাহের পরিচয়ে বিয়ে করার পর একে অপরের জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমঝোতা করাই ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি।
সব জল্পনা থামিয়ে দিয়ে এই দম্পতি বর্তমানে তাদের নতুন বাড়ির কাজ এবং যৌথ জীবন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এবং সুখী দাম্পত্যজীবনের বার্তা দিচ্ছেন। এমন খবরে আপাতত স্বস্তির নিশ্বাস ফেলছেন এই তারকা দম্পতির ভক্তরা।
সূত্র: পিপল ডট কম

