নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক

0
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।

আটক সাকিব শেখ (২৫) খুলনার ফুলতলা উপজেলার দামোদার গ্রামের জাহিদ শেখের ছেলে। নিহত আক্তার খাদিজা চাঁদনী (২২) একই উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে এবং সাকিবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সাকিব শেখ ও তার স্ত্রী চাঁদনী নড়াইলের বাহিরগ্রামে খালা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার রাতে ঘরের একটি কক্ষে চার বছরের সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জেরে রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব।

পরে স্বজনরা চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত স্বামী সাকিব শেখকে আটক করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here