রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পৌরশহরের বালুয়াঘাটা এলাকার আম্বিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক রেজাউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্বের একটি মামলায় হাজিরা দিতে মঙ্গলবার রংপুর আদালতে যায় মমিনুল ইসলামসহ কয়েকজন। একই মামলার অপর পক্ষ ফিরোজ ও তার সহযোগীরাও সেখানে উপস্থিত হলে তাদের মধ্যে হামলার ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন।
এই ঘটনার জেরে বিকেলে বদরগঞ্জের আম্বিয়ার মোড়ে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

