নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল সহায়তা অর্থ তুলে দেন।
এ সময় বজ্রপাতে নিহত দিলিপ চন্দ্র বর্মনের স্ত্রী অনিতা রানী বর্মনের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। অন্যদিকে বজ্রপাতে আহত জীবন চন্দ্র বর্মন এবং নারায়ণ চন্দ্র বর্মনকে ১০ হাজার করে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুন নাইন বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার এইচ এম এরশাদ, মৎস্য অফিসার শিল্পী রানী, সমাজ সেবা কর্মকর্তা রেজাউন হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ মে মাঠে ধান কাটতে গিয়ে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের দিলিপ চন্দ্র বর্মনের মৃত্যু হয়। এ সময় তার অপর ওই দুই সহযোগী জীবন চন্দ্র বর্মন এবং নারায়ণ চন্দ্র বর্মন গুরুতর আহত হয়। বজ্রপাতে নিহত এবং আহত পরিবারগুলোর সদস্যরা ফজলে হুদা বাবুলের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

