অতীতের রাজনৈতিক আক্রোশ এবং অন্যায় সিদ্ধান্তের অবসান ঘটিয়ে হারানো গৌরব ফিরে পাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে জয়পুরহাট মহাবিদ্যালয় (সাবেক জয়পুরহাট শহীদ জিয়া কলেজ)।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষক ও কর্মচারীদের সাথে এক তাৎপর্যপূর্ণ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
প্রধান অতিথির বক্তব্যে মোক্তাদুল হক আদনান বলেন, কলেজটিকে সরকারি করার প্রক্রিয়া এবং এর পূর্বের নাম (শহীদ জিয়া কলেজ) ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শিক্ষক, কর্মচারী এবং গভর্নিং বডির সম্মিলিত প্রচেষ্টায় জয়পুরহাট মহাবিদ্যালয় আগামী দিনে জেলার একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক, ফিন্যান্স বিভাগের প্রভাষক শাহিন আলম এবং বাংলা বিভাগের প্রভাষক মেশকাতসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় কলেজের শিক্ষক ও কর্মচারীরা নতুন কমিটির সাথে একাত্মতা প্রকাশ করে কলেজের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

