দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, বাদ পড়ছেন কি আল্লুর ‌‘রাকা’ থেকে

0
দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, বাদ পড়ছেন কি আল্লুর ‌‘রাকা’ থেকে

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবরে যখন সরগরম বিটাউন, ঠিক তখনই দানা বেঁধেছিল এক নতুন জল্পনা। শোনা যাচ্ছিল, আল্লু অর্জুনের বিপরীতে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’ থেকে দীপিকা সরে দাঁড়াতে পারেন অথবা তার চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হতে পারে। 

তবে ভক্তদের আশ্বস্ত করে এই গুঞ্জনকে স্রেফ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমাটির নির্মাতারা। তারা সাফ জানিয়েছেন, দীপিকা এই ছবির অবিচ্ছেদ্য অংশ এবং পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত উদ্যমের সঙ্গেই শুটিং এগিয়ে চলছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে নির্মাণ-সংশ্লিষ্ট পক্ষ থেকে জানানো হয়েছে, দীপিকাকে নিয়ে রটে যাওয়া খবরগুলো সম্পূর্ণ ভুল। তিনি ‘রাকা’ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং বর্তমানে সেটে অত্যন্ত ইতিবাচক পরিবেশে শুটিং চলছে। এমনকি ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, গর্ভাবস্থায় থাকা সত্ত্বেও দীপিকা ছবিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। প্রোডাকশন টিম অভিনেত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ২০২৭ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির জন্য দীপিকা তার নির্ধারিত শিডিউল মেনেই কাজ শেষ করতে বদ্ধপরিকর।

অ্যাটলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে তার ন্যাড়া মাথার এক দুর্ধর্ষ লুক প্রকাশ্যে আসার পর সেই উন্মাদনা আরও বেড়েছে। 

অন্যদিকে, দীপিকার ব্যক্তিগত জীবনেও বইছে আনন্দের হাওয়া। গত রবিবার দীপিকা ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তান আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তাদের বড় মেয়ে দুয়ার একটি মিষ্টি ছবির মাধ্যমে এই ঘোষণা দেন তারকা দম্পতি। 

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়ার পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়াকে স্বাগত জানিয়েছিলেন এই পাওয়ার কাপল। এখন তিন থেকে চার হওয়ার অপেক্ষায় দিন গুনছেন রণবীর-দীপিকা।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here