বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকা থেকে গুরুতর অসুস্থ এক বম নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রামকিল বম (৭৪) নামের ওই নারী শুক্রবার আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।
পরে মানবিক দায়িত্ববোধ ও জরুরি সেবার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা গ্রহণ করছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জরুরি মানবিক সহায়তা প্রদানে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

