দাওয়াত খেতে যাওয়ার সময় এক বেয়াই নিহত, অপরজন হাসপাতালে

0
দাওয়াত খেতে যাওয়ার সময় এক বেয়াই নিহত, অপরজন হাসপাতালে

হাসি-আড্ডা আর গল্পে মেতে অটোগাড়িতে দুই বিয়াই যাচ্ছিলেন এক স্বজনের অনুষ্ঠানে দাওয়াত খেতে। কিন্তু পথে হঠাৎ দুর্ঘটনায় সড়কেই গেল এক বিয়াইয়ের প্রাণ। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়ার কুমারখালীর সান্দিয়ারা- লাহিনীপাড়া সড়কের যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত কৃষক শুকতার মোল্লা (৫০) উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের মৃত ফটিক মোল্লার ছেলে। আহত রবিউল ইসলাম (৫৩) একই ইউনিয়নের বাঁধবাজার এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে বিয়াই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শুকতাট আলী অটোগাড়িতে চড়ে ছোট মেয়ের স্বজনদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরেক মেয়ের শ্বশুর রবিউল। পথিমধ্যে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পাখি ভ্যান ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে দুই বিয়াই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুকতারকে মৃত ঘোষণা করেন।

বিকেল ৫টার দিকে শুকতারের ভাতিজা শিপন হোসেন মুঠোফোনে বলেন, দুই বিয়াই শৈলকুপা দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে ভ্যানের ধাক্কায় চাচা বাম পাঁয়ের হাঁটুতে আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে চাচার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। লাশ এখনও সদর হাসপাতালে।

এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুল রান্নান শেখ বলেন, বৃদ্ধ লোকটি অটোগাড়ির সামনে ডানদিকে হাঁটু বের করে বসেছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, গ্রাম্য সড়কে ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here