দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর

0
দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর

দক্ষিণ কোরিয়ায় যেতে না পেরে ক্ষোভ জানিয়েছেন এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) পরীক্ষায় উত্তীর্ণ হাজারো কর্মী। বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে অটোরোস্টার ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইপিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেওয়া হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুয়েসেলের কর্মকর্তারা।

বৈঠক শেষে দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের উদ্দেশে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে। প্রতিনিধি দলের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের পক্ষ থেকে যে ছয়জন প্রতিনিধি গেছেন, তারা পুরো বিষয়টি বিস্তারিতভাবে আমাদের জানাবেন। প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সচিব আজ বিকেল পর্যন্ত বসে বিষয়গুলো পর্যালোচনা করবেন। এরপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আপনারা আমাদের কাজ করার সুযোগ দিন। আমরা নতুন সরকার হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। কীভাবে আপনাদের সহযোগিতা করা যায়, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ্।

তবে পূর্বে এ বিষয়ে লিখিত প্রস্তাবনা না দিয়ে সরাসরি আন্দোলনে নামায় কিছুটা হতাশাও প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, আগে আমাদের কাছে এ ধরনের কোনো প্রস্তাবনা আসেনি। প্রস্তাবনা না দিয়েই রাস্তায় নেমে আসাটা দুঃখজনক।

এদিকে, দ্রুত সমস্যার সমাধান ও দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত ইপিএস উত্তীর্ণরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here