তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন তার নিজ আসনেই হেরে গেছেন। তাকে হারিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে-এর প্রার্থী ভিএস বাবু।
এমকে স্টালিন সেখানকার কোলাথুর নামের আসনে নির্বাচন করেন। এবার তিনি শুধুমাত্র একটি আসনেই দাঁড়িয়েছিলেন। আর সেটিতে হেরে গেছেন।
তামিলনাড়ুতে এবারই প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছে থালাপতি বিজয়ের টিভিকে। আর প্রথম নির্বাচনে একক সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে তারা। এতে করে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১১টি আসনে জয় পায় টিভিকে। তারা আরও ৯৬টি আসনে এগিয়ে ছিল।
অপরদিকে মুখ্যমন্ত্রী স্টালিনের ক্ষমতাসীন দল ডিএমকে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চারটি আসনে জিতেছে। আর ৬৭টি আসনে এগিয়ে আছে।
তামিলনাড়ুতে ২৩৪টি আসনে গত ২৩ এপ্রিল নির্বাচন হয়। সোমাবর সেখানে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল চমক দেখাচ্ছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জয়ের পাল্লা ভারী হতে থাকে।
তামিলনাড়ুতে যদি কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায় তাহলে তাদের ১১৮টি আসনে জয় পেতে হবে। ধারণা করা হচ্ছে থালাপতির দল এককভাবেই এরচেয়ে বেশি আসন পাবে। সূত্র: ইন্ডিয়া টুডে

