নতুন নাটকীয়তা তৈরি হয়েছে তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন নিয়ে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করলেও শপথ গ্রহণের জন্য টিভিকের প্রধান থালাপতি বিজয়কে আমন্ত্রণ জানাননি রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। খবর এনডিটিভির।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকের নেতা বিজয় শুক্রবার বিকেলে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসেন। টানা তিন দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হলো। বৈঠকের লক্ষ্য ছিল, তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটানো।
সাক্ষাৎ করে সরকার গঠনের আবেদন জানান বিজয়। তিনি দাবি করেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে আরলেকারের কার্যালয়ের সূত্র জানিয়েছে, আগামীকাল শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য অভিনেতা-রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়কে আমন্ত্রণ জানানো হয়নি।

