রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) পলাশের একজন ঘনিষ্ঠ আত্মীয় বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ পলাশকে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল থেকে মধ্যরাতে অন্য হাসপাতালে নিয়ে গেছে।
গত শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে মক্কি মসজিদ গলির মুখের প্রধান সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন পলাশ।পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলির অংশবিশেষ বের করেন। অস্ত্রোপচারের পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, প্রায় ২৫ বছর কারাভোগের পর আনুমানিক দেড় মাস আগে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তিনি বেশিরভাগ সময় বাসাতেই অবস্থান করতেন।
পুলিশের পুরোনো রেকর্ড অনুযায়ী, ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি কাইল্লা পলাশ। ওই মামলায় বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান কাইল্লা পলাশ

