২০২৬ বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই গ্যালারিতে ঘটেছে এক ভিন্ন রকম ঘটনা। ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ চলাকালে হসপিটালিটি বক্সে বিশ্বখ্যাত ইউটিউবার আইশোস্পিডের সঙ্গে দেখা হয় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর। সেই সাক্ষাৎ ঘিরেই তৈরি হয়েছে আলোচনার ঝড়।
ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পাশাপাশি গ্যালারির এই মুহূর্তটিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। লাইভ স্ট্রিম করছিলেন ২১ বছর বয়সী স্পিড। এ সময় রোনালদোর সঙ্গে কথোপকথনে মজার ছলে তৈরি হয় এক ভিন্ন পরিস্থিতি।
আগের পরিচয়ের সূত্র ধরে রোনালদো জানতে চান, স্পিড তার শরীরচর্চা বাড়িয়েছেন কি না। উত্তরে স্পিড ক্যামেরার সামনে নিজের পেশি দেখান এবং সিক্স প্যাক অ্যাবস প্রদর্শন করেন।
এরপর স্পিড জানান, তিনি ২০৩০ বিশ্বকাপে খেলতে চান। জবাবে রোনালদো হাসতে হাসতে বলেন, ২০৩০ নয়, তোমার আরও সময় লাগবে, অন্তত আরও ৫০ বছর।
কথোপকথনের এক পর্যায়ে স্পিডের শরীর দেখে সন্দেহ প্রকাশ করেন রোনালদো। তিনি জানতে চান, শরীর গঠনে কোনো অতিরিক্ত কিছু ব্যবহার করা হয়েছে কি না।
স্পিড তাৎক্ষণিকভাবে দাবি করেন, তার শরীর সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি। তবে রোনালদো মজার ছলে বলেন, তাহলে একটি ব্লাড টেস্ট করা যাক, তাতেই প্রমাণ হয়ে যাবে।
চ্যালেঞ্জ গ্রহণ করে স্পিডও সম্মতি জানান। পরে ক্যামেরার দিকে ফিরে তিনি বলেন, রোনালদো মনে করেছেন আমি ড্রাগস নিয়েছি, এটা আসলে প্রশংসা।
এরপর স্পিড রবার্তো কার্লোস, কাকার কাছেও যান এবং তাদের সঙ্গে সময় কাটান। পুরো ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

