ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা

0
ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা

নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশ। ১৩৯ রানের জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।

রবিবার বিকালে ইংল্যান্ডের বার্মিংহামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ডাচ নারী দলের। দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। এরপর ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত করেন ফারিহা তৃষ্ণা। তিনি ফেরান ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে।

ডাচদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান স্পিনার রাবেয়া খান। পরে রবিন রিজেকে এবং সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ এবং ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস।

তবে এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ফিফটি তুলে নেন ডি লিড। ৪৫ বলে ৫০ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি।

এরপর আর তেমন কেউ রান করতে পারেননি। নবম উইকেটে সিলভার সিজারস এবং ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে ১৩৯ রানে থামে ডাচরা।

জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের মেয়েরা। ওপেনার জুয়েরিয়া ফিরদৌস দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। একপর্যায়ে তার আউটে দলীয় ৬৭ রানে ভাঙে ওপেনিং জুটি। তিনি সাজঘরে ফেরার আগে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

এরপর কয়েক রানের ব্যবধানে পরপর উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। এতে রানের গতি কিছুটা কমতে থাকে। চাপে পড়ে বাংলাদেশ।

তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অসাধারণ ব্যাটিং ঘুরে দাঁড়ায় দল। ৫ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার ৩৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া স্বর্ণা আক্তার অপরাজিত ছিলেন ১৮ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here