‘টক্সিক’ সিনেমার নতুন টিজারকে দশকের সবচেয়ে ‘অশালীন’ আখ্যা

0
‘টক্সিক’ সিনেমার নতুন টিজারকে দশকের সবচেয়ে ‘অশালীন’ আখ্যা

কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক’ সিনেমার নতুন প্রমো মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। আজ বুধবার ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামে সিনেমাটির নতুন একটি টিজার প্রকাশ করা হয়, যা মূলত এই চলচ্চিত্রের নারী চরিত্রগুলোকে বড় পর্দায় পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। তবে মুক্তির পর হিতে বিপরীত হয়েছে। সিনেমার প্রধান নারী চরিত্রগুলোর গভীরতা ফুটিয়ে তোলার চেয়ে তাদের অতিরিক্ত গ্ল্যামারাস ও যৌন আবেদনময়ী রূপে উপস্থাপন করার কারণে নেটিজেনদের একাংশের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন নির্মাতারা।

নতুন এই টিজারে সিনেমার প্রধান নারী চরিত্র হিসেবে নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের একঝলক দেখা মিলেছে। তবে প্রমোটি প্রকাশের পর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) সমালোচকদের মন্তব্য ধেয়ে আসতে থাকে। অনেক দর্শকই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, নারীদের উৎসর্গ করে তৈরি করা প্রমোতে তাদের চরিত্রের কোনো গভীরতা বা সংলাপ ছিল না, বরং কেবলই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমনকি এই দশকের সবচেয়ে ‘অশালীন’ টিজার আখ্যা দিয়ে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে সিনেমাটি আটকে দেওয়ার দাবিও তুলেছেন কোনো কোনো নেটিজেন। বিশেষ করে এই ছবির পরিচালক গীতু মোহনদাসের মতো একজন নারী কীভাবে এমন একটি দৃশ্যপট তৈরি করলেন, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে।

সমালোচনার বড় একটি অংশজুড়ে ছিল টিজারটির শেষ দৃশ্যটি, যেখানে নারীদের মূলত পুরুষালি দৃষ্টিভঙ্গি বা ‘মেল গেজ’ থেকে অতিরিক্ত কুরুচিপূর্ণভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে বলে দর্শকদের অভিযোগ। আলোচনাটি রেডিট প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে, যেখানে সিনেমার পরিপক্ব কনটেন্ট নিয়ে আপত্তি না থাকলেও এর সস্তা উপস্থাপন এবং নারীদের ৫ থেকে ১০ সেকেন্ডের বেশি স্ক্রিনটাইম না দেওয়ার বিষয়টি ভক্তদের হতাশ করেছে।

প্রসঙ্গত, বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে জানানো হয়েছে যে, আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। ভেঙ্কট কে নারায়ণ ও স্বয়ং ইয়াশের প্রযোজনায় কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি পরবর্তীতে হিন্দি, তেলেগু, তামিল এবং মালয়ালম ভাষায় ডাব করে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here