অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া সাতক্ষীরার সোহানের পাশে প্রধানমন্ত্রী

0
অন্ধ ঘোড়াকে আশ্রয় দেওয়া সাতক্ষীরার সোহানের পাশে প্রধানমন্ত্রী

অসহায় অন্ধ ঘোড়াকে উদ্ধার ও আশ্রয় দিয়ে অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন সাতক্ষীরার কলেজছাত্র সোহান। এবার এই মানবিক তরুণ ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামে সোহানের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার ও নগদ অর্থ পৌঁছে দেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম। সোহান স্থানীয় চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে একটি অন্ধ ও অসুস্থ ঘোড়া শ্মশানের পাশে পড়ে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি দেখে চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহান ঘটনাস্থলে গিয়ে ঘোড়াটিকে বাড়িতে নিয়ে পরিচর্যা শুরু করেন। স্থানীয় পশুচিকিৎসক পরীক্ষা করে জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা না থাকলেও ঘোড়াটিকে পরিত্যাগ না করে আজীবন লালন-পালনের সিদ্ধান্ত নেন সোহান ও তার পরিবার।

গণমাধ্যমে এই মানবিক উদ্যোগের খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে সোহানের বিকাশ নম্বরে আর্থিক সহায়তা পাঠানো হয় এবং সরেজমিনে পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

সোহান বলেন, ‘অন্ধ ঘোড়াটির কষ্টে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে এসেছিলাম। যত দিন বেঁচে থাকবে, আমরা সাধ্যমতো এর যত্ন নেব। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া উপহার ও সহযোগিতায় আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আমার মতো একজন সাধারণ শিক্ষার্থীর মানবিক উদ্যোগকে মূল্যায়ন করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতেও অসহায় মানুষ ও প্রাণীর পাশে দাঁড়াতে আরও অনুপ্রাণিত করবে।’

আইনুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here