জিএমপির তিন থানার ওসিসহ ১৭ পরিদর্শকের বদলি

0
জিএমপির তিন থানার ওসিসহ ১৭ পরিদর্শকের বদলি

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) তিন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) একযোগে ১৭ জন পুলিশ পরিদর্শকের পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের পক্ষে উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, টঙ্গী পশ্চিম, কোনাবাড়ি ও গাছা থানার দায়িত্বে থাকা ওসিদের সরিয়ে তাদের স্থলে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।  পাশাপাশি আরও ১৪ জন পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে কর্মরত পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানকে গাছা থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খাঁনকে থানা থেকে সরিয়ে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে বদলি করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক মোঃ ইফতেখার হোসেনকে কোনাবাড়ি থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, কোনাবাড়ি থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে জিএমপির সদর দপ্তরের মিডিয়া শাখায় বদলি করা হয়েছে। গাছা থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামানকে পাঠানো হয়েছে গোয়েন্দা শাখার উত্তর বিভাগে। জিএমপির সদর দপ্তরের মিডিয়া শাখার পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

জিএমপির সদর দপ্তরে কর্মরত পরিদর্শক মো. মনিরুজ্জামানকে গোয়েন্দা শাখার উত্তর বিভাগে এবং পরিদর্শক ফরিদ আহমেদকে ক্রাইম ও অপারেশন বিভাগে পাঠানো হয়েছে। পরিদর্শক মো. আব্দুল আউয়াল সরদারকে গাছা থানার তদন্ত পরিদর্শক, পরিদর্শক মোঃ জিল্লুর রহমানকে টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক এবং পরিদর্শক তরিকুল ইসলামকে কাশিমপুর থানার তদন্ত পরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরিদর্শক দেব দুলালকে গোয়েন্দা শাখার দক্ষিণ বিভাগে, পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিককে পূবাইল থানার তদন্ত পরিদর্শক হিসেবে এবং পরিদর্শক ইমানুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিদর্শক শাহ্ ফরিদ আহমেদকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখায়, পরিদর্শক শহিদুল ইসলামকে ট্রাফিক শাখার উত্তর বিভাগে এবং আরেক পরিদর্শক শহিদুল ইসলামকে ট্রাফিক শাখার দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here