জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

0
জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

টানা কয়েকদিনের বৃষ্টিতে ভিজে গেছে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ। তবে বৈরী আবহাওয়া মাথায় রেখেই আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন। নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলেও জানান তিনি।

ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাঠের চারপাশ ও প্রবেশপথগুলোতে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় ঈদগাহে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এবং প্রতিটি গেটেই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, রাজধানীর সব ঈদের জামাতই নিরাপত্তা নজরদারির আওতায় থাকবে। ফাঁকা বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকায় মোবাইল পেট্রোলিংসহ তিন ধরনের টহল ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি করা হবে।

এদিকে ঈদকে সামনে রেখে রাজধানী দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি করপোরেশন। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, নগরবাসীর আনন্দময় ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে এক লাখের বেশি চটের ব্যাগ বিতরণ করা হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে কোরবানির বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য ফেললে নালা-নর্দমা বন্ধ হয়ে বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

বৈরী আবহাওয়া মোকাবিলায়ও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। তিনি বলেন, বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে নামাজ আয়োজনে কোনো সমস্যা হবে না। ঝড়-ঝঞ্ঝার মতো পরিস্থিতি সৃষ্টি হলে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here