কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি মোহাম্মদ বশির হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে স্কুলছাত্র মোহাম্মদ রাহাত হত্যার বিচারও দাবি করা হয়।
রবিবার চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। এতে চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে থানা ঘেরাও করেন।
পুলিশ দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে চৌদ্দগ্রাম বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য দেন মোশাররফ হোসেন, সাইদুল হোসেন সাব্বির, সাজিন ও বেলাল।
বক্তারা বলেন, বশির ও রাহাতের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে। হত্যাকারীরা ভারত থেকে অস্ত্র এনে গুলি চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, কোনো প্রভাব বা পরিচয়ের কারণে খুনিদের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে মামলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিল গ্রামে মাদকসংক্রান্ত বিরোধের জেরে হামলায় বশির গুরুতর আহত হন। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, একই এলাকার গোমারবাড়ি ও বৈদ্দ্যেরখিল গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাহাত গুলিবিদ্ধ হন। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

