চেন্নাই শিবিরে আরেক ধাক্কা, ছিটকে গেলেন খলিল

0
চেন্নাই শিবিরে আরেক ধাক্কা, ছিটকে গেলেন খলিল

পেস বোলিং শক্তি নিয়ে আগেই সংকটে থাকা চেন্নাই সুপার কিংস এবার বড় ধাক্কা খেল আরেক পেসার খলিল আহমেদকে হারিয়ে। ডান পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন ভারতীয় এই বোলার, ফলে আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই। সেখানে জানানো হয়, এই চোট থেকে সেরে উঠতে খলিলের ১২ সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে।

আইপিএল শুরুর আগেই চোটের কারণে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিস। তার জায়গায় দলে নেওয়া হয় আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে, যিনি নিজেও এখন চোট থেকে সেরে ওঠার পথে।

চলতি আসরে চেন্নাইয়ের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন খলিল। তবে পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না তার। পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র দুটি উইকেট।

গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে নিজের কোটা পূরণ করার সময় চোট পান তিনি। শেষ ওভারের পাঁচটি বল করার পর মাঠ ছাড়তে বাধ্য হন এই বাঁহাতি পেসার। ওই ম্যাচে ২৪ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

তার অনুপস্থিতিতে শেষ ওভারটি করেন গুরজাপনিত সিং। খলিলের জায়গায় ভবিষ্যতে একাদশে সুযোগ পেতে পারেন মুকেশ চৌধুরি ও রামকৃষ্ণা ঘোষ।

এদিকে চোটের কারণে মাঠের বাইরে আছেন চেন্নাইয়ের অভিজ্ঞ সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনি অনুশীলনে ফিরলেও এখনও ম্যাচ খেলার অনুমতি পাননি।

পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে চেন্নাই। আগামী শনিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here