কবিরাজির নামে প্রতারণা, ২৭ ভরি স্বর্ণালঙ্কারসহ কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

0
কবিরাজির নামে প্রতারণা, ২৭ ভরি স্বর্ণালঙ্কারসহ কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

জামালপুরে অনলাইনে করিবাজির নামে প্রতারণা করে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেনকে (২১) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই জামালপুর কার্যালয়ে পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃত কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন।    

প্রেস ব্রিফিংএ পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত জানান, শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে (১৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে বাবা-মাকে আপন করে পাওয়া যায় এসব ভিডিও দেখা শুরু করে। টিকটকে তান্ত্রিক পরিচয়ধারী খুরশেদ কবিরাজের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে খুরশেদ কবিরাজ নামক প্রতারক চক্র তার সহকারী ইমু একাউন্টের মাধ্যমে ওই কিশোরীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখত। তার সকল সমস্যা সমাধানের আশ্বাসে কবিরাজির ফি, ১টি খাসি, ৪টি জায়নামাজ, ৪টি আগরবাতি, ৪টি মোমবাতি, ৫ কেজি গরুর দুধ, ৫ কেজি ফল, মন্ত্রে কাজ না হওয়ায় জোড়া শুকর ক্রয় করে জবাই করা, ২ কেজি চন্দন কাঠ ক্রয় ইত্যাদি বাবদ গত ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ২ লক্ষ ৪৩ হাজার ১৫০ টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি। 

গত ১০ মার্চ ঝাড়ফুঁক দেয়ার কথা বলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নেয়। ওই মেয়েটি আবারো বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে দোকানে গেলে কম বয়স হওয়ায় দোকানদারের সন্দেহ হয়। দোকারদার তার বাবা ছাইদুর রহমানকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে ব্যবসায়ী ছাইদুর রহমান গত ১৭ মার্চ শেরপুর সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার মোস্তফার ছেলে মুছা মিয়া ও মৃত নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম নামে দুইজনকে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমসি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত আরও জানান, আগেই গ্রেফতার হওয়া দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ঘটনার মূলহোতা কনেন্ট ক্রিয়েটর জামালপুর সদর উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে মনির হোসেনকে ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ির পাশের বাগানের মাটি খুঁড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। 

খুরশেদ কবিরাজ নামে কোন ব্যক্তির অস্তিত্ব নেই। এই নামটি ব্যবহার করে অনলাইন কবিরাজির আড়ালে চক্রটি প্রতারণা করে আসছিল। পরে বৃহস্পতিবার মনির হোসেনকে আদালতে প্রেরণ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here