চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং

0
চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা নয়, সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত।

বৃহস্পতিবার বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। শি বলেন, সংঘাত নয় বরং পারস্পরিক সহযোগিতাই দুই দেশের জন্য লাভজনক। বিশ্বজুড়ে নজর কাড়া এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ারও ইঙ্গিত দেন তিনি।

চীনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে শি জিনপিং বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র— দুই দেশই সহযোগিতা থেকে লাভবান হতে পারে এবং সংঘাত থেকে ক্ষতিগ্রস্ত হবে’। তিনি বলেন, এই বৈঠকের দিকে বিশ্বজুড়ে মানুষের নজর রয়েছে।

শি জিনপিং আরও বলেন, ‘নতুন যুগে বড় শক্তিধর দেশগুলো কীভাবে একসঙ্গে চলবে, আমাদের সেই সঠিক পথ খুঁজে বের করতে হবে। আমাদের একে অপরকে সফল হতে সহায়তা করতে হবে এবং একসঙ্গে সমৃদ্ধ হতে হবে।’

চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি সবসময় বিশ্বাস করেন যে দুই দেশের মধ্যে মতপার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থই বেশি। তার ভাষায়, ‘এক দেশের সাফল্য অন্য দেশের জন্যও একটি সুযোগ’। পাশাপাশি স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের জন্যও উপকারী বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট জিনপিং জানান, দুই দেশের পাশাপাশি বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি আরও আলোচনা করতে আগ্রহী। একই সঙ্গে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করে ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজকে সঠিক পথে পরিচালিত করতে’ চান বলেও উল্লেখ করেন।

সূত্র : বার্তাসংস্থা আনাদোলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here