চীনে প্রশিক্ষণে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

0
চীনে প্রশিক্ষণে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ে চীনের কুনমিংয়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ২ থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে পৌঁছেছেন।

কর্মসূচির আওতায় তারা চীনের প্রশাসনিক ব্যবস্থাপনা, সুশাসন, উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সরকার কার্যক্রম এবং আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।

প্রশিক্ষণে অংশগ্রহণের আগে ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রতি উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কাজে লাগাতে পারবেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ চীনা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে প্রশাসনিক সহযোগিতা এবং সুশাসন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় আরও সম্প্রসারিত হবে। তিনি দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here