চাঁদপুরের হাইমচর উপজেলায় ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে ওমর ফারুক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সময় হামলাকারীরা ভুক্তভোগীদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা।
মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার উত্তর চরভাঙ্গা এলাকার খালেক ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক তার নানা হাসমত উল্লাহ মৃধার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে হাসমত উল্লাহর পরিবারের সঙ্গে একই বাড়ির কুদ্দুস মৃধা, বিল্লাল মৃধা, হাসান মৃধা ও হাবিব মৃধাসহ কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্লাহকে মারধরের চেষ্টা করলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান ওমর ফারুক। এ সময় হামলাকারীরা ওমর ফারুক ও তার স্বজনদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে তারা দিশেহারা হয়ে পড়লে ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ মারা হয়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

