গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জামাল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ ৮টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ। গ্রেফতার শাহ জামাল মিয়া উপজেলার ডাকাতিয়ার চর গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। এর আগে এদিন সকালে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের আলগার চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ জামাল মিয়ার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ গাইবান্ধার ফুলছড়ি থানায় সাতটি এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের আলগার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

