গাইবান্ধায় নেশাজাতীয় দ্রব্য পানে নিহত ১, চিকিৎসাধীন ২

0
গাইবান্ধায় নেশাজাতীয় দ্রব্য পানে নিহত ১, চিকিৎসাধীন ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাজাতীয় দ্রব্য পান করে সোহাগ মন্ডল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মজিবর রহমান (৪৫) ও সৈকত মন্ডল (৩২) নামে আরো ২ জন অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব প্রধান। এর আগে এদিন সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহাগ মন্ডল। এর আগে গত শনিবার রাতে নেশাজাতীয় দ্রব্য পান করে তিনজনই অসুস্থ হন। পরে রাতেই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সোহাগ মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে। আহতরা একই এলাকার বাসিন্দা।

চেয়ারম্যান ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে নেশাজাতীয় দ্রব্য পান করে সোহাগ মন্ডল, সৈকত মন্ডল ও মজিবর রহমান অসুস্থ হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেই রাতেই তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মন্ডল মারা যান। চিকিৎসাধীন মজিবর রহমান ও সৈকত মন্ডলের অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব প্রধান বলেন, নিহত ও অসুস্থরা নেশায় আসক্ত ছিলেন। তারা ব্যাপকহারে চুয়ানি খাইতেন। চুয়ানি খেয়ে হয়তো এই অবস্থা হতে পারে জানান তিনি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here