কেকেআর আমাকে সমর্থন করেনি: লিটন দাস

0
কেকেআর আমাকে সমর্থন করেনি: লিটন দাস

২০২৩ সালে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসকে ৫০ লাখ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। আইপিএলের ওই মৌসুমে কেকেআরের হয়ে ডানহাতি এই ব্যাটসম্যান তার সংক্ষিপ্ত ও হতাশাজনক সময় কাটানো নিয়ে খোলামেলা কথা বলেছেন।

লিটন দাবি করেন, ফ্র্যাঞ্চাইজিটি তার সঙ্গে স্পষ্টভাবে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে এবং দলে থাকাকালীন তিনি যে ধরনের সমর্থন আশা করেছিলেন, তা তারা দেয়নি।

বাংলাদেশ ক্রিকেটের ‘চার ছক্কা’ পডকাস্টে কথা বলতে গিয়ে লিটন তার স্বল্পস্থায়ী আইপিএল অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এই ক্রিকেটার এ দাবি করেন। তিনি কখনই নিজেকে দলের অংশ বলে মনে করেননি বলেও জানান।

লিটন বর্তমানে সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছেন। প্রথম ইনিংসে ১২৬ রানের লড়াকু ইনিংস খেলেন এই উইকেটরক্ষক।

লিটন বলেন, আমার মনে হয়েছিল, কেকেআরের আমাকে ততটা প্রয়োজন ছিল না। দলও আমাকে সেভাবে সমর্থন করেনি, যেভাবে আমি আশা করেছিলাম। তিনি উল্লেখ করেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তাকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলে শেষ মুহূর্তে তাকে প্রস্তুতি নিতে হিমশিম খেতে হয়েছিল।

লিটন বলেন, সাধারণত একজন খেলোয়াড়কে ম্যাচের আগে জানানো হয় যে সে পরের দিন খেলবে বা এই ধরনের কিছু একটা। আমি দুটি ম্যাচে বাইরে বসে ছিলাম, এবং আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাই করা হয়নি। হঠাৎ রাত ১১টায় আমি একটি বার্তা পেলাম, ‘তুমি খেলবে।’ আমার যতটুকু শক্তি ছিল, তা দিয়েই আমি চেষ্টা করেছিলাম। ক্রিকেটে কখনও কখনও সবকিছু আপনার পক্ষে যায়, আবার কখনও যায় না। সেদিনটা আমার ছিল না।

কেকেআরে যোগ দেওয়ার পর লিটনের ওপর দলের ব্যাটিং ও উইকেটকিপিং বিভাগকে শক্তিশালী করার প্রত্যাশা ছিল।ওই মৌসুমে একমাত্র ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে চার রানে আউট হয়ে যান তিনি। ব্যাটিংয়ের পর উইকেটের পেছনেও দুটি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেনি লিটন।

সেই ম্যাচের পর লিটনকে একাদশ থেকে বাদ দেওয়া হয় এবং ব্যক্তিগত পারিবারিক কারণে আগেভাগে বাংলাদেশে ফিরে যাওয়ার আগে তিনি আর কোনো ম্যাচ খেলেননি। আইপিএলের ওই মৌসুমে প্লে-অফে খেলার সুযোগ হারায় কেকেআর।

এরপর ফ্র্যাঞ্চাইজিটি ব্যাপক কাঠামোগত পরিবর্তন আনে, যার মধ্যে মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনও অন্তর্ভুক্ত ছিল। এই পদক্ষেপটি কেকেআরের ভাগ্য বদলে দেয় এবং দলটি পরের মৌসুমেই তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতে নেয়। তবে লিটনকে এর আগেই ছেড়ে দেওয়া হয়েছিল এবং পরে নিলামেও তিনি অবিক্রিত থেকে যান।

সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব সীমিতই থেকেছে। চলতি আসরে কেকেআর ৯.২০ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায়। তবে শেষ মুহূর্তে রাজনৈতিক বিতর্কের কারণে তার চুক্তি বাতিল করে ফ্র্যাঞ্চাইজিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here