কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বহুল আলোচিত বিরোধে বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক। ওপেনএআইয়ের বিরুদ্ধে তার করা মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, নির্ধারিত সময়সীমার অনেক পরে মামলা হওয়ায় এটি গ্রহণযোগ্য নয়।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে প্রায় তিন সপ্তাহ ধরে চলা শুনানির পর ৯ সদস্যের জুরি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দেয়, মাস্ক মামলা করতে ‘অতিরিক্ত দেরি’ করেছেন। তারা মাত্র দুই ঘণ্টা আলোচনা করেই এই রায়ে পৌঁছান। পরে বিচারক ইভন গঞ্জালেজ রজার্স জুরির মত গ্রহণ করে মামলাটি খারিজ করেন।
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠায় সহপ্রতিষ্ঠাতা ছিলেন মাস্ক। তিনি প্রথম দিকে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। তার অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি অলাভজনকভাবে মানবকল্যাণে কাজ করার উদ্দেশ্য থেকে সরে গিয়ে লাভকেন্দ্রিক পথে গেছে। তিনি আরও দাবি করেন, সাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান এই পরিবর্তনে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। শুনানিতে ব্রকম্যান জানান, ওপেনএআইয়ে তার শেয়ারের মূল্য প্রায় ৩০ বিলিয়ন ডলার।
মাস্ক মামলায় ক্ষতিপূরণ দাবি করেন এবং অল্টম্যানকে বোর্ড থেকে সরানোর কথাও বলেন। তবে ওপেনএআই দাবি করে, প্রতিষ্ঠানটিকে চিরকাল অলাভজনক রাখার কোনো প্রতিশ্রুতি ছিল না। তাদের মতে, দ্রুত বেড়ে ওঠা প্রতিষ্ঠানটিতে একক নিয়ন্ত্রণ না পাওয়াতেই মাস্ক এই মামলা করেন।
শুনানিতে মাস্ক, অল্টম্যান, মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা ছাড়াও সাবেক বোর্ড সদস্য হেলেন টোনার ও তাশা ম্যাককাউলি সাক্ষ্য দেন। জেরা চলাকালে মাস্ক কখনো কখনো তর্কাত্মক আচরণ করেন। বর্তমানে ওপেনএআইয়ের মূল্য প্রায় ৮৫২ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে বড় আইপিও আনার প্রস্তুতিও নিচ্ছে।

