কুড়িগ্রামে বিশ্ব শরণার্থী দিবস পালিত

0
কুড়িগ্রামে বিশ্ব শরণার্থী দিবস পালিত

কুড়িগ্রামে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্পিরিট প্রকল্পের আওতায় টেরে ডেস হোমস ও সলিডারিটির উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় শিশু ও যুব-কেন্দ্রিক নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচিতে শিশু, তরুণ-তরুণী, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাস্তুচ্যুতি, নদীভাঙন ও বন্যাজনিত ঝুঁকি, শিশু ও যুবদের নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরাঞ্চলের নদীবিধৌত এলাকাগুলোতে প্রতিবছর অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। এসব পরিবারের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবিকার সুযোগ নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিশু সংলাপ, অভিজ্ঞতা বিনিময় সভা, যুব প্রচারাভিযান, সচেতনতা র‌্যালি, নিরাপদ কমিউনিটি মানচিত্রায়ন এবং ক্রীড়া কার্যক্রম।  

এ সময় নদীভাঙন ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শনাক্তকরণ, আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যুবসমাজের সক্রিয় সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here